২০২২ সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ শুরু হতো না: পুতিন
২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠকের পর বাংলাদেশ সময় শনিবার সকালে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পুতিন। সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
বৈঠক শেষে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে পুতিন বলেন, আলোচনায় ট্রাম্পের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণ প্রশংসনীয়। গত সময়টা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কের জন্য কঠিন ছিল, তাই এখন পরিস্থিতির সংশোধন জরুরি।
পুতিন আশাপ্রকাশ করেন, ট্রাম্পের সঙ্গে বৈঠকে হওয়া সমঝোতাগুলো ইউক্রেন যুদ্ধ সমাধান এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক পুনঃস্থাপনের সূচনা হিসেবে কাজ করবে। পরবর্তী বৈঠক মস্কোয় অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, ইউক্রেন ও ইউরোপ আলাস্কায় হওয়া আলোচনাকে ‘বাধাগ্রস্ত’ করার চেষ্টা করবে না বলে আশা করি।